যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব নিয়ে ১৪ দলে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা
যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। জোটের নেতারা অভিযোগ করেন, অনেক যুদ্ধাপরাধীর রায় অপেক্ষমাণ রয়েছে। যথাসময়ে কার্যকর হচ্ছে না।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে উপস্থিত একাধিক নেতা এই উদ্বেগ প্রকাশ করেন।
এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কোনো নেতা এ বিষয়ে কোনো উত্তর দেননি।
ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক বৈঠকে তাঁর বক্তৃতায় বলেন, অনেক যুদ্ধাপরাধীর বিচার শেষ হয়েছে, অনেকের অপেক্ষমাণ আছে—সেগুলো কার্যকর হচ্ছে না কেন? তাঁর প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কোনো নেতাই কথা বলেননি।
বৈঠকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে প্রশ্ন তোলেন ১৪ দলের নেতারা। তাঁদের অভিমত, এই বাজেটে কৃষি খাত ও শ্রমিক সুরক্ষার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই। আর নির্দেশনা থাকলেও কবে কার্যকর হবে, সেগুলো স্পষ্ট করা নেই।
১৪ দলের নেতাদের অভিমত, এই উচ্চাভিলাষী বাজেট সম্পন্ন করা সরকারের জন্য কঠিন হবে। এ জন্য বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে মতামত জানাতে ১৮ জুন বিকেল চারটায় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের নেতারা। এ ছাড়া ২১ জুন নওগাঁয় ১৪ দলের সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে ১৪ দলের একজন শরিক বলেন, বিএনপিতে যেভাবে ১৯ দলের শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, ১৪ দলকে সেভাবে দেওয়া হয় না। এ নিয়ে সবাই কথা বললে অর্থমন্ত্রীর সঙ্গে জোটের শরিকদের বৈঠকের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা নাজমুল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ব্রিফিংয়ে বলেন, ‘কেউ কেউ এই বাজেটকে উচ্চাভিলাষী ও স্বপ্নবিলাসী বলেছেন। স্বপ্ন দেখা তো আমাদের কাজ। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে মানুষ হতে পারে না।’

বর্তমান সরকারকে অবৈধ বলায় বিএনপির নেতাদের কঠোর সমালোচনা করেন নাসিম। তিনি বলেন, গণচীনের মতো বিরাট দেশ একজন ‘“নির্বাচিত প্রধানমন্ত্রী”কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে। আমাদের “নির্বাচিত প্রধানমন্ত্রী” চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সইও করেছেন। ১৪ দল প্রধানমন্ত্রীর জাপান ও চীন সফরকে স্বাগত জানাচ্ছে।’ 

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই—বিএনপির নেতাদের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘সবচেয়ে সংকটে আছে বিএনপি। এখন আর আলোচনার সুযোগ নেই। বিএনপির সংকট উত্তরণের জন্য দোয়া করি।’

‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেই জিয়া হত্যার রহস্য বের হবে’—বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘তারেকের মতো অর্বাচীনের কথার জবাব মোহাম্মদ নাসিম দেবে না।’