যুদ্ধাপরাধীদের বিচার মৌলবাদের লাগাম টেনে ধরবে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে তা দক্ষিণ এশিয়ায় ধর্মীয় মৌলবাদের লাগাম টেনে ধরার রাস্তা পাকা করবে। গতকাল রোববার দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের এক সেমিনারে মেনন এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে অমল সেন ট্রাস্ট ‘ধর্মীয় মৌলবাদ: প্রেক্ষাপট বাংলাদেশ-যুদ্ধাপরাধীদের বিচার-জনগণের রায়’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে রাশেদ খান মেনন বলেন, দক্ষিণ এশিয়া বিশেষত পাকিস্তান, বাংলাদেশ ও ভারত ধর্মীয় মৌলবাদী শক্তির আক্রমণের শিকার। ফলে এ দেশগুলোর নিরাপত্তা, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তিনি বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থানের প্রেক্ষাপট তুলে ধরে এ জন্য প্রধানত বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোটকে দায়ী করেন।মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ও বিচারকের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, এত সীমিতসংখ্যক আইনজীবী দিয়ে এত বড় মামলা চালানো যায় না।ন্যুরেমবার্গে ছয়টি সংগঠনের এ ধরনের বিচার হয়েছিল বলে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, আমেরিকা সেই বিচারকে সমর্থন করলেও বাংলাদেশে জামায়াতে ইসলামীর দলগত বিচারের বিরোধিতা করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তাঁদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে ভারতের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বিনোদ পাল বসু বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত।