যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার অঙ্গীকার ব্যক্ত করে এ বিষয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার করার এক কঠিন কাজে আমরা হাত দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস, জাতিকে ৪১ বছরের কলঙ্ক থেকে মুক্ত করতে আমরা তাদের বিচার শেষ করতে পারব।’গতকাল বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ডিজিটালব্যবস্থায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চারটি প্রকল্পের নামফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।চার প্রকল্পের মধ্যে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের গজনভী সড়কে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, পোস্তগোলায় ‘বিজয় নিকেতন’ আবাসিক প্রকল্প, চট্টগ্রামের আগ্রাবাদে ‘টাওয়ার-৭১’ বাণিজ্যিক কমপ্লেক্স এবং একই এলাকায় বহুতল বাণিজ্যিক কমপ্লেক্স ‘জয় বাংলা’।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং ওই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ কে শিকদার বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন এবং স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ১১ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সামরিক শাসক কারাগার থেকে ১৯৭১ সালের অপরাধীদের ছেড়ে দেয়। সে সময় সামরিক শাসক তাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পদ দিয়ে পুনর্বাসিত করে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করায় আন্দোলন, আল্টিমেটাম ও অরাজকতার মতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া ভণ্ডুলের ষড়যন্ত্র পাকানো হচ্ছে।প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। এ জন্য এ দলটি সব সময় স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। যে জাতি স্বাধীনতার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, সে জাতি পিছিয়ে থাকতে পারে না।’ প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের সামনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের নৃশংসতা তুলে ধরতে ১৯৭১ সালের গণকবরগুলো সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীরা যাতে সরকার ঘোষিত সুযোগ-সুবিধা পায়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেন।