আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে, তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেবে না। তারা কখনোই যুদ্ধাপরাধীদের বিচারে পিছপা হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের রায় হবে, রায় কার্যকরও হবে। কোনো শক্তির ক্ষমতা নেই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে।গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা উদ্বোধনকালে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। বিজয় শোভাযাত্রাটি ধানমন্ডির ২৭ নম্বরের পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শেষ হয়।শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করব এবং রায় কার্যকর করব। বিজয়ের এই দিনে আমাদের এই শপথ নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হবে এবং রায় কার্যকর হবে—এটাও অনেকে বিশ্বাস করতে পারেনি। যে নেত্রীর নেতৃত্বে (শেখ হাসিনা) বঙ্গবন্ধু হত্যার বিচার এবং রায় কার্যকর হয়েছে। সেই নেত্রীর নেতৃত্বেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় কার্যকর হবে।’যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আপনাদের সজাগ থাকতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ষড়যন্ত্র চলছে। অনেক ষড়যন্ত্র হয়েছে। কোনো শক্তির ক্ষমতা নেই, যুদ্ধাপরাধীদের রক্ষা করার।’বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলেছেন। যুদ্ধাপরাধীদের বিচার যাতে শেষ না হয়, সে জন্য তিনি হরতাল ডেকেছেন। বিরোধীদলীয় নেত্রীর হরতাল তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবই করব। খালেদা জিয়া এই বিচার বানচাল করতে পারবেন না।’এর আগে সকাল থেকেই রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড ও সাংগঠনিক ইউনিট থেকে বিজয় মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে। ঢাকার বিভিন্ন এলাকার সাংসদেরাও নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে মিছিল নিয়ে আসেন।খোলা ট্রাকে মঞ্চ তৈরি করে মিছিল নিয়ে আসেন অনেকে। অনেকে আসেন ঘোড়ার গাড়ি ও রিকশা-ভ্যান সাজিয়ে। ট্রাকসহ এসব বাহন সাজানো হয় লাল-সবুজের পতাকায়। কিছু কিছু ট্রাকে একাত্তরের যুদ্ধের দিনটি ফুটিয়ে তোলার জন্য প্রতীকী কামান-বন্দুক প্রদর্শন করতে দেখা যায়। যুদ্ধাপরাধীদের বিচার দাবি-সংবলিত প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। মিছিলগুলোতে মুক্তিযোদ্ধার সাজে আসেন অনেকে। গোলাম আজম-নিজামী-সাঈদীর কুশপুত্তলিকাও ছিল। সেগুলোতে দেওয়া হয় জুতার মালা।শোভাযাত্রা উদ্বোধনের পর সৈয়দ আশরাফের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার ইনশা আল্লাহ আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে। রায়ও কার্যকর করা হবে।’