যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং ইতিমধ্যে ঘোষিত রায়গুলো দ্রুত কার্যকরের দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বরিশালে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, গণসংগীত ও আলোচনায় দিবসটি উদ্যাপন করেন নগরবাসী।
সকালে জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সাংসদ তালুকদার মো. ইউনুস ও জেবুন্নেসা আফরোজ, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া কীর্তনখোলার তীরে ত্রিশ গোডাউন এলাকার একাত্তরে পাকিস্তানি বাহিনীর টর্চার সেল বধ্যভূমিতেও শ্রদ্ধা জানানো হয়।
সকাল আটটায় শুরু হয় বঙ্গবন্ধু উদ্যানে শিশু-কিশোরদের কুচকাওয়াজ। সেখানে অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর বিএনপিও অশ্বিনীকুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের করে। জেলা আওয়ামী লীগ শোভাযাত্রা বের করে বিকেল চারটায়।
বেলা তিনটায় বিজয় দিবস উপলক্ষে কীর্তনখোলা নদীতে হয় মেয়র নৌকাবাইচ। সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে হয় আলোচনা, আবৃত্তি, নৃত্য ও নাটক। জেলা প্রশাসন অশ্বিনীকুমার হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
এসব কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও দ্রুত রায় কার্যকরের দাবি জানান বক্তারা।