যুদ্ধাপরাধীদের বিচার হবে প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার প্রকাশ্যে এবং বিদেশি পর্যবেক্ষকদের সামনেই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহম্মেদ। তিনি বলেন, ‘কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না। আন্তর্জাতিক কোনো সংস্থা বা দেশ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে নিষেধ বা আবেদন করেনি। বিভিন্ন সংস্থা শুধু সুবিচার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। সরকার সুবিচার নিশ্চিত করবে।’ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে গতকাল সোমবার ‘যুদ্ধাপরাধীদের বিচার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী আইনজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। আইনমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সময় নেওয়াকে অনেকে প্রহসন হিসেবে বলছে। এটা ভুল কথা। সরকার বিচারটি সুষ্ঠু ও সঠিক করার জন্য সময় নিয়েছে।’ আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের আইনের বিষয়ে ১৭টি প্রশ্ন তোলা হয়েছিল। এগুলো কামাল হোসেনসহ বিজ্ঞ আইনজীবীদের দিয়ে পরীক্ষা করা হয়েছে। সবাই বলেছেন সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আলোচনা সভায় কামাল হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের যে আইন রয়েছে, তা আন্তর্জাতিক মানসম্মত। এই আইনে বিচার করা হলে সুবিচার নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকবে না।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চায় না কিংবা ’৭১ সালে কোনো যুদ্ধপরাধ হয়নি—এমন কথা বলার লোক পাওয়া যাবে না।’ তিনি সারা দেশের ৪০ হাজার আইনজীবীকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘আজ (গতকাল) থেকেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়ে গেছে। চারজনের বিরুদ্ধে সমন জারি হয়েছে। আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শেষ করতে অনেক দিন লাগবে। তবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার এ বছরের মধ্যেই শেষ করা হবে। রোকনউদ্দিন মাহমুদ বলেন, নুরেমবার্গে যুদ্ধাপরাধীদের সহযোগী হিসেবে ডাক্তার, উকিলসহ অনেকেরই বিচার হয়েছে। বাংলাদেশে অনেকেই যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথা বলছেন। তাঁদেরও সহযোগী হিসেবে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইউসুফ হোসেন, আবদুল বাছেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, আবদুল মতিন খসরু, এ এম এম মেজবাহউদ্দিন প্রমুখ।