প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, স্বাধীনতাবিরোধীরা যে আজও বাংলাদেশের স্বাধীনতা মানতে পারছে না, বিভিন্ন স্থানে তাদের অপতৎপরতা তারই ভয়াবহ বহিঃপ্রকাশ। যুদ্ধাপরাধীদের বিচার হলেই স্বাধীনতার সার্থকতা আসবে।বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন।জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে প্রত্যয় ও প্রতিপালক নামের দুুটি সাংস্কৃতিক সংগঠন।আলোচনা অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, ‘অনেক দিক থেকে মনে হয়, স্বাধীনতাসংগ্রাম অসমাপ্ত। এবার বিজয় দিবসের প্রাক্কালে অনেক ঘটনা ঘটছে। রামুতে বৌদ্ধদের ওপর, বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর এবং রংপুরে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতার বিষয় জানান দেয়।’ গওহর রিজভী একাত্তরে তাঁর তিনজন শিক্ষক এবং পারিবারিক চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি তুলে ধরেন।বিশেষ অতিথি সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, একাত্তরে যারা আমাদের পতাকা খামচে ধরেছিল, যাদের আস্ফাালন এখনো দেখতে হচ্ছে, তাদের শাস্তিই হবে স্বাধীনতার প্রাপ্তি। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পী সাদি মহম্মদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, প্রতিপালকের সভাপতি শান্তনু সাহা রায় বক্তব্য দেন। অনুষ্ঠানে শ্যামল চৌধুরীর কথা ও সুরে এ মাটিতে জন্ম আমার অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। শেষে ছিল বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।এর আগে সকালে জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন অধ্যাপক শিল্পী এ. হ. মো. মতলুব আলী এবং শিল্পী সৈয়দ আবুল বারক আলভী। প্রতিযোগিতায় চারটি বিভাগে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।