জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া তিন শীর্ষ নেতাসহ সব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে যুদ্ধাপরাধের মামলা দায়ের এবং বিচার-প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে আওয়ামী যুবলীগ। যুবলীগের নেতারা বলেছেন, সরকার গত দেড় বছরেও তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারেনি। দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত যুবলীগ ঘরে ফিরবে না।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর দাবিতে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেশের মাটিতেই হবে।যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম জামায়াতের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ১৫ দিনের মধ্যে সব যুদ্ধাপরাধীর বিচার শুরু করতে হবে। যুবলীগ মহানগর দক্ষিণের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুনুর রশীদ, ফারুক হোসেন, মাহাবুবুর রহমান, আবদুস সাত্তার, আতাউর রহমান, মঞ্জুর আলম, মামুনুর রশীদ, নূরুন্নবী চৌধুরী প্রমুখ।