মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, গ্রেপ্তার হওয়া সব আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীর বিচারের কাজ ২০১২ সালের মধ্যে শেষ করা হবে। এসব যুদ্ধাপরাধীর বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন।প্রতিমন্ত্রী গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ’-এ এই কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মহাসচিব এমদাদ হোসেন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন, ইনামুল হক, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মো. সাহাবউদ্দিন প্রমুখ।