যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রেস্তর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার রক্ষার নামে নানা কূটকৌশল এবং অর্থ ছড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম’৭১। ১৯৭১ নিয়ে যারা অযাচিত প্রশ্ন তোলে তাদের বিচার করা যায়, এমন আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে সংগঠনটি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহীদ রেজা নূর।
লিখিত বক্তব্যে বলা হয়, শুধু যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারপ্রক্রিয়া নিয়েই নয়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ইত্যাদি নিয়েও অহেতুক বিতর্ক সৃষ্টির অশুভ পাঁয়তারা শুরু হয়েছে। সময় এসেছে এসব অর্থহীন, উদ্ভট, অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা কারা, কেন, কাদের উদ্দেশ্য সাধনে, কীভাবে করছে, তা অনুসন্ধান করার।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে দেশের কোনো কোনো গণমাধ্যম এমন ভূমিকা পালন করে, যা স্বাধীনতার শত্রুদের পক্ষে চলে যায়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের অধিকারের প্রশ্নে উচ্চকণ্ঠ। তারা নানা প্রতিবেদন ও খবর পাঠকদের সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে চলমান বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।
লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রজন্ম’৭১-এর নেতারা। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ছেলের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, এটি ঔদ্ধত্যের পর্যায়ে পড়ে। একটি বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে রায় হয়েছে। তাঁরা যে কথাগুলো বলেছেন, সেগুলো বলতে পারা তাঁদের অধিকার নয়। এ বিষয়ে তৌহীদ রেজা নূর বলেন, যারা ১৯৭১ নিয়ে প্রশ্ন তোলে তাদের ‘ক্রিমিনাল অফেন্সের’ আওতায় এনে বিচার করা যায়, এমন আইন দেশে হওয়া উচিত। রুয়ান্ডার গণহত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা নিয়ে প্রশ্ন তোলায় অনেক বিখ্যাত আইনজ্ঞ, গণহত্যাবিশারদেরও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।
এক প্রশ্নের জবাবে শহীদের সন্তান মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘অপরাধীকে ধরেই ফাঁসি দিয়ে দিক, আদালতের কাছে এমনটি আশা করি না। ফেয়ার ট্রায়ালের জন্য যা কিছু করা প্রয়োজন, তাঁরা তাই করবেন। ৪৩ বছর বিচারের জন্য অপেক্ষা করেছি, রিভিউর সময়টুকু তাই কোনো অপেক্ষাই নয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদসন্তান শিবলী মহম্মদ, জাহীদ রেজা নূর, শমী কায়সার, কাজী সাইফুদ্দীন আব্বাস, রিজিয়া রহমান, দেবদাস ঘোষ প্রমুখ।