যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আজ রোববার রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ইমরান এ কথা বলেন।

ইমরান বলেন, ‘জনগণ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সরকার কোনোভাবেই যেন এ বিচারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।’

ইমরান এইচ সরকার বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর যে প্রাপ্ত শাস্তি ছিল, তা না হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আর এ বিষয়ে কেউ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে, সে জন্য সরকার তাদের সমর্থিত বিভিন্ন অংশগুলো দিয়ে শাহবাগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদের একটি পক্ষকে দিয়ে গণজাগরণ মঞ্চের নামে সমাবেশ করাচ্ছে।

ইমরান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের অবস্থানের পরিবর্তন হয়েছে। মহাজোট সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, ‘কেউ কেউ মন্ত্রী হওয়ার আগে এককথা বলেছেন, মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই।’

জামায়াতের সঙ্গে আঁতাত করে রাজনীতিতে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইমরান।

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ এ সমাবেশের আয়োজন করে। এদিন বিকেল সাড়ে চারটা থেকে মঞ্চের কর্মী-সংগঠকেরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।

সাঈদীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আগামীকাল সোমবার শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বিকেল চারটায় সমাবেশসহ চলতি সপ্তাহে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে গণজাগরণ মঞ্চের।

পর পর দুই দিন পাল্টাপাল্টি কর্মসূচির পর আজ কামাল পাশা চৌধুরী-সমর্থিত অংশটির কোনো কর্মসূচি ছিল না।