যুদ্ধাপরাধীদের বিচারবিরোধী কথা বলায় ইমাম গ্রেপ্তার
খুতবায় যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতাকে বেআইনি বলে আখ্যায়িত করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুহম্মদ ফজলুল হককে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ফজলুল হক আগৈলঝাড়া বিএইচপি মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক এবং উপজেলার চাত্রীশিরা গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন জানান, আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুহম্মদ ফজলুল হক শুক্রবার জুমার নামাজের খুতবায় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতাকে বেআইনি বলে আখ্যা দেন। এ সময় তিনি আরও বলেন, বামপন্থীদের কথিত হরতাল নাজায়েজ। ইসলামকে খাটো করার জন্য মিডিয়ার কর্মীরা উঠেপড়ে লেগেছেন। দাড়ি-টুপিওয়ালা মুসলমান দেখলে তাঁদের নির্যাতন করা হয়। মিডিয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এসব বক্তব্য দিয়ে মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী একটি ভিডিও ক্যাসেট বাজারজাত করার অভিযোগও রয়েছে।ওসি জানান, সরকারবিরোধী ও ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।