ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেছেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদকে মনে রাখতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য এখন আওয়ামী লীগকে সমর্থন অব্যাহত রাখতে হবে। গতকাল শুক্রবার রাজশাহীতে সুনাগরিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে মুনতাসীর মামুন এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছয়জন বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন: ভাষাসৈনিক আবুল হোসেন, লেখক-সাংবাদিক-মানবাধিকারকর্মী শাহরিয়ার কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, অর্থনীতিবিদ আবুল বারকাত, ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুন ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের নেতা কাজী মুকুল। তবে শাহরিয়ার কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অন্য পাঁচজনকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনাগরিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ সাফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।