আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ওই সময়ে তদন্তকারী কর্তৃপক্ষ ও আইনজীবী প্যানেলের নামও ঘোষণা করা হবে।সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পুরাতন হাইকোর্ট ভবনে যে কক্ষে তত্কালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতির এজলাস ছিল, সেটিতেই যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিচারক বসবেন। এই এজলাসেই বিচার চলবে। আইনমন্ত্রী জানান, ইতিমধ্যে এজলাস তৈরি, তদন্ত কর্তৃপক্ষের দপ্তর, আইনজীবী প্যানেলের কার্যালয়, বিচারকের খাস কামরা, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বসার জায়গা—সবকিছু নির্মাণের কাজ শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি এসব কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হবে। আইনমন্ত্রী আশা করেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে আদালতের সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তদন্তকাজ শুরু করা যাবে। এদিকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত কর্তৃপক্ষ নির্বাচন করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় সে কাজ শেষ করে রেখেছে। যথাসময়ে নাম প্রকাশ করা হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধী কারা, সেটি সবাই জানেন। সরকার তাদের প্রতি নজর রেখেছে। পুলিশের নজরেই তারা রয়েছে। পালানোর সুযোগ নেই।