যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যেসব ব্যক্তি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, তাঁদের বিচারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং তাদের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে।’ গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) রুশনারা আলী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, দেশে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির প্রভাব মোকাবিলায় ইতিমধ্যে বর্তমান সরকার যেসব কর্মসূচি গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী তা গুরুত্বসহকারে উল্লেখ করেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নদী খনন, পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’ তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি হ্রাসে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাজ্যের সহায়তা পাবেন বলে তিনি আশা করছেন।রুশনারা আলী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ তাঁর নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। দেশে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করায় ব্রিটিশ এমপি বর্তমান সরকারের প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।