যুদ্ধাপরাধীদের বিচারে ইমামদের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে ইমামদের সমর্থন চেয়েছেন। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিস্তারে যুদ্ধাপরাধীদের দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে পারবে না। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। প্রধানমন্ত্রী বলেন, একজন প্রকৃত ধর্মপ্রাণ মানুষ জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হতে পারেন না। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারি প্রচেষ্টায় সহায়তা করতে ইমামদের ভূমিকার প্রশংসা করেন তিনি।শেখ হাসিনা বলেন, ইমামরা সমাজে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। তাঁরা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে অবদান রাখছেন।সম্মেলনে প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনজন সেরা ইমামকে পুরস্কার প্রদান করেন। এ ছাড়া প্রতিটি জেলা থেকে একজন করে ইমামকে পুরস্কৃত করা হয়। বাসস।