যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ও সংশ্লিষ্ট চার মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করতে একটি উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক কমিটি গঠনের সুপারিশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।গতকাল সোমবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ সুপারিশ করেন।ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার: সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।সভার সভাপতি যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা হলে বর্তমানে যে ধরনের বিচ্যুতি দেখা দিচ্ছে, তা দেখা দিত না।আলোচনায় জাহানারা ইমামের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কর্মকর্তা আবদুল মতীনের ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত থাকার অভিযোগটি প্রাধান্য পায়। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা ও গণমাধ্যমে তাদের বক্তব্য প্রচার না করার আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, এ ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার দাবিটি ন্যায্য।বক্তারা বলেন, যুদ্ধাপরাধ বিষয়ে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনে সংশোধনী আনা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তা বিভিন্ন দূতাবাসের কাছে ঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ট্রাইব্যুনালে নথি সংরক্ষণের ব্যবস্থাপনার অভাব, সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে না পারার মতো বিষয়গুলোও সমালোচিত হয়।সূচনা বক্তব্যে আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির আবদুল মতীনের প্রসঙ্গে বলেন, তাঁর নিয়োগ নিয়েও এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে দোষারোপ করছে। আবদুল মতীন এক মাসের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবেন বলেছেন। কিন্তু এ আইনে অভিযোগপত্রের বিষয়টি কোথায় পেলেন বা কিসের ভিত্তিতে তিনি এটা করতে চাচ্ছেন, তা বোধগম্য নয়। শাহরিয়ার কবির বলেন, আবদুল মতীনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা হলেও গত এক মাসে তাঁর যে কর্মকাণ্ড তাতে এ পদে থাকার যোগ্যতা নেই বলেই প্রমাণ করে। তাই তাঁর পদত্যাগ করা উচিত।সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন তাঁরা মুখ বন্ধ রাখুন। বিচার বিভাগকে তার মতো করে কাজ করতে দিন।’সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা আছে, কিন্তু যথাযথ পদক্ষেপ না নিলে তার পরিণতি ভয়ানক হবে।আইনজীবী তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়াতে স্বচ্ছতা আনার জন্য রুলস অব প্রসিডিউর গুরুত্বপূর্ণ হলেও তা তৈরি করা হয়নি এখনো। শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘ট্রাইব্যুনালে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁদের আদ্যোপান্ত জানতে চাই।’ এ বিষয়টিতে তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা মুক্তিযুদ্ধেরই একটি অংশ। তাই এ বিচার-প্রক্রিয়া সম্পন্ন না হলে মুক্তিযুদ্ধও শেষ হবে না। তিনি চিহ্নিত যুদ্ধাপরাধীদের কারাগারে বন্দী করার জন্যও সরকারের কাছে আহ্বান জানান।গতকাল শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও কর্মজীবী নারী পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।