আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সম্ভবত যুদ্ধাপরাধীদের বিচারের এটাই শেষ সুযোগ। দল ক্ষমতায় আছে, ভবিষ্যতেও হয়তো ক্ষমতায় যাবে। কিন্তু এবার বিচার সম্ভব না হলে ভবিষ্যতে সম্ভব হবে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী যুবলীগের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। ইউরোপ, আমেরিকা ও মুসলিম দেশগুলো থেকে আমার কাছে প্রতিদিনই ই-মেইল আসছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘আমরা মাত্র হাতেগোনা কয়েকজন যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের রয়েছে বিশাল অদৃশ্য শক্তি। তাদের রয়েছে অর্থের শক্তি, অস্ত্র-সন্ত্রাস আর বোমার শক্তি। তাদের রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক দোসর। এই দোসরেরা অঢেল অর্থের বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’যুবলীগ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সৈয়দ আশরাফ জাসদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জাসদ গঠনের মাধ্যমে রাজনীতিতে বিভক্তি সৃষ্টি না হলে ১৫ আগস্টের ঘটনা ঘটত না। যুবলীগ গঠনের সময় একটি গোষ্ঠী বিরোধিতা করেছিল। পরে প্রমাণিত হয়, তাদের ওই বিরোধিতার মধ্যে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য ছিল, যার বহিঃপ্রকাশ ঘটে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের মাধ্যমে। জাসদের সমালোচনা করে তিনি বলেন, তথাকথিত বৈপ্লবিক সমাজতন্ত্রের নামে তারা সর্বপ্রথম ছাত্রলীগকে হাত করে। স্তরে স্তরে সামাজিক বিপ্লবের নামে সমাজতন্ত্র কায়েমের কথা বলা হয়। মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার চেষ্টা হয়। এরপর জাসদ নামে রাজনৈতিক দলের আবির্ভাব হয়।সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারই সমুদ্রসীমা নির্ধারণের উদ্যোগ নেয়নি। বঙ্গবন্ধু নিহত না হলে এটা অনেক আগেই নির্ধারিত হতো। মুক্তিযুদ্ধের পর সমুদ্রজয়কে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।বাংলাদেশের সমুদ্রজয় উপলক্ষে ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘যুব গণসংবর্ধনা’ দেবে আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই অনুষ্ঠান সফল করতেই এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম প্রমুখ।