যুদ্ধাপরাধীদের বিচারকাজে বাধা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি অভিযুক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কারাগারের সম্প্রসারিত অংশের ভবন উদ্বোধনের সময় তিনি এ অভিযোগ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, আপনি যতই বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন, কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ ঠেকাতে পারবেন না।’কারাগারের সামনের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পাশাপাশি দুর্নীতিবাজদেরও বিচারকাজ শুরু হয়েছে। এসব উদ্যোগের বিরোধিতাকারীদের হটাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের কারাব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে মানুষকে আটকে রাখা একটি প্রাচীন ধারণা। আর এখন কারাগারগুলোকে সংশোধনাগার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে মনে করা হয়। সে জন্য সরকার কারাবন্দীদের প্রশিক্ষণের জন্য রাজশাহীতে একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত স্থানে জাদুঘর নির্মাণের পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। দেশের কারাগারগুলোতে শূন্য পদের বিপরীতে শিগগিরই লোক নিয়োগ দেওয়া হবে।কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।