যুদ্ধাপরাধীদের বিচারে গাফিলতি সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় সেক্টর কমান্ডারস ফোরামের সভায় বক্তারা বলেছেন, বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। সংসদের সামনের অধিবেশনেই এ বিষয়ে আরও কার্যকর আলোচনা হওয়া দরকার। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলের ‘মুক্তিযুদ্ধ কর্নার’ মিলনায়তনে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রয়াত সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নূরুজ্জামান বীর উত্তম স্মরণসভা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ওই সভা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল সফিউল্লা বীর উত্তম, ফোরামের সাধারণ সম্পাদক সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-উর-রশিদ বীর প্রতীক, সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক অতিরিক্ত আইজিপি নূরুল আলম।