যুদ্ধাপরাধীদের বিচারে তরুণদের এগিয়ে আসার আহ্বান
তরুণ ও ছাত্রসমাজকে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়তা করার আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান। ‘যুদ্ধাপরাধীদের বিচার: ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক ওই মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া ফোরামের নেতারা বলেন, স্বাধীনতাবিরোধীদের এ দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর কলঙ্ক মোচন করতেই হবে। ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘ইতিহাস বিকৃত করে রাখা যায় না। সত্য একদিন বের হবেই।...হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে যারা যুদ্ধাপরাধে জড়িত, তারা স্বাধীন দেশে ঘুরে বেড়াতে পারে না। এ কলঙ্ক আমাদের মোচন করতেই হবে।’ সভায় অন্যান্যের মধ্যে ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব, যুগ্ম মহাসচিব ম. হামিদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আনোয়ারুল আলম প্রমুখ বক্তব্য দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি তোলেন। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার বিষয়টি ছাত্রসমাজ মানবে না।