৫ জানুয়ারির নির্বাচনের পরের বেশ কয়েকটি ঘটনায় এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে, যুদ্ধাপরাধের বিচারকাজে সরকার দোদুল্যমান হয়ে পড়ছে। বিশেষ করে মতিউর রহমান নিজামীর মামলার রায়ের দীর্ঘসূত্রতা এবং সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার নিয়ে সরকারের অবস্থান বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যে জনমনে বড় সন্দেহ তৈরি হয়েছে।
গতকাল সোমবার ‘যুদ্ধাপরাধীদের বিচার: দীর্ঘসূত্রিতার বিপদ’ শীর্ষক এক আলোচনার মূল প্রবন্ধে এ কথা বলা হয়। যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা বিপদ ডেকে আনবে বলে আলোচনায় বক্তারা সরকারকে সতর্ক করেন।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ আলোচনার আয়োজন করে কর্নেল তাহের সংসদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, গণতন্ত্রকে অব্যাহত রাখতে এ বিচার যত দ্রুত সম্ভব করা দরকার। প্রথম থেকেই এ ব্যাপারে দ্বিধা দেখা গেছে। জামায়াতের বিচার নিয়ে এর আগে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন।
বিচার-প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গোলাম আযমের মৃত্যুদণ্ড হয়নি। সরকার এ রায়ের বিরুদ্ধে আপিলও করেনি। আন্দোলনের পর আইন সংশোধন করে যুদ্ধাপরাধী সংগঠনের বিচারের ব্যবস্থা করা হলো। কিন্তু বিচারে দোষী সাব্যস্ত হলে কী শাস্তি দেওয়া হবে, তা ঠিক করা হয়নি। সন্দেহ করা হয়, জামায়াতকে বিএনপি থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার। আসলে আদর্শের চেয়ে এখন ক্ষমতায় টিকে থাকাই প্রধান হয়ে গেছে।
তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার আন্তরিক৷ এ নিয়ে সন্দেহ পোষণ করা ঠিক নয়৷
যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব নেই বলে দাবি করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। তাঁর মতে, রাষ্ট্রপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আদালতের বিভিন্ন প্রক্রিয়ার জটিলতা রয়েছে। ট্রাইব্যুনালের অবকাঠামো ও লোকবলের মানে ঘাটতি রয়েছে।
সভাপতির বক্তৃতায় কর্নেল তাহের সংসদের সভাপতি হায়দার আকবর খান রনো বলেন, এ বিচার-প্রক্রিয়া দীর্ঘসূত্রতা থাকলেও এর মান নিয়ে প্রশ্ন নেই৷ অন্যান্য দেশের যুদ্ধাপরাধের বিচারের মতোই এ বিচার যথেষ্ট স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের৷
আলোচনায় আরও অংশ নেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ, আমাদের সময়-এর সম্পাদক আবু হাসান শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্নেল তাহেরপত্নী সাংসদ লুৎফা তাহের উপস্থিত ছিলেন৷