যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ত্রুটি-বিচ্যুতিহীনভাবে কাজ করতে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দেশবাসীকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।’গতকাল বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজে সাংবাদিকদের গোলাম আরিফ এ কথা বলেন। এর আগে সার্কিট হাউজে ট্রাইব্যুনালের কাছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দিঘলিয়া ও খুলনার বয়রা এলাকায় সংঘটিত গণহত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন, লুটপাটের বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা চারজন ব্যক্তি।গোলাম আরিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির কাজ চলছে। বিচার-প্রক্রিয়া শুরু হলে ভিডিও ফুটেজসহ সব ধরনের দালিলিক প্রমাণাদি আদালতে উপস্থাপন করার চেষ্টা করব।’ এক প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী বলেন, ‘এখানে (খুলনা) যতটুকু কাজ হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এ ছাড়া যদি আরও তথ্য-উপাত্ত প্রয়োজন হয়, তাহলে এখানে আবার আসব।’এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সদস্য জিয়াদ আল মালুম ও সৈয়দ হায়দার আলী, তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান এবং জাতীয় গণতদন্ত কমিশনের চেয়ারম্যান ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন ও ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখার সভাপতি বাহারুল আলম।এর আগে ট্রাইব্যুনালের আইনজীবী ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা সকালে নগরীর গল্লামারী বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।