
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধীদলীয় নেতা আলোচনায় এলে, সহিংসতা বন্ধ হলে দুই নারী বা মহিলা হিসেবে গালি খেতে হতো না।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে নারীসমাজের সহায়তা চান। খবর ইউএনবি ও বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ (সোমবার) বেগম রোকেয়ার জন্মদিন। কিন্তু বিরোধী দল এই দিনেও হরতাল ডেকেছে। তিনি (খালেদা জিয়া) যদি এই ধরনের কর্মসূচি পরিহার করেন, তাহলে আমাদের (শেখ হাসিনা ও খালেদা জিয়া) আর “দুই নারী” বলে গালি শুনতে হবে না।’
খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা জানান, বিরোধীদলীয় নেতা তাঁর সঙ্গে কীভাবে কথা বলেছিলেন সেটি এখন সবাই জানে। প্রধানমন্ত্রী বলেন, ‘ওই ধরনের কথা আমি কখনো শুনিনি।’
প্রধানমন্ত্রী রোকেয়া পদক বিতরণের ওই অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের চিরকাল ঘৃণা এবং নারীর অগ্রগতি ও মুক্তির পথে বাধা সৃষ্টিকারী অপশক্তির তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের নারীসমাজের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে সবার, বিশেষ করে নারীসমাজের, সহায়তা চান।
সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ বছর ঝর্ণা ধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানুকে রোকেয়া পদক-২০১৩ দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা সত্ত্বেও বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী স্বাধীনতার অগ্রদূত।
নারী উন্নয়নে তাঁর সরকারের উদ্যোগের কথা উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরে নারীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বেগম রোকেয়ার বহু স্বপ্ন পূরণ হচ্ছে।
রোকেয়াকে নিয়ে বক্তৃতানুষ্ঠান: বাংলা একাডেমি গতকাল বিকেলে রোকেয়া দিবস উপলক্ষে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘রোকেয়া: প্রথম নারীবাদী?’ শীর্ষক বক্তব্য দেন একাডেমির ফেলো অধ্যাপক গোলাম মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক জাহেদা আহমদ, নারীনেত্রী মালেকা বানু, ফওজিয়া মোসলেম প্রমুখ।