জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি আদালতে দ্রুত সম্পন্ন করা সম্ভব না হলে ১০টি আদালত স্থাপন করা হবে। তাতেও কাজ না হলে প্রয়োজনে জেলায় জেলায় আদালত স্থাপন করা হবে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে মোজাফফর আলী ফাউন্ডেশনের আয়োজনে সাবেক সাংসদ ভাষাসৈনিক আফজাল হোসেন স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ। সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ থেকেই আওয়ামী লীগের জন্ম। এই জেলা থেকেই ঘোষিত হয় ছয় দফা আন্দোলন, যা মুক্তিযুদ্ধের সনদ। কিন্তু কালের বিবর্তনে এ জেলায় আওয়ামী লীগের অন্তঃকোন্দল বেড়ে গেছে। এই কোন্দল দূর করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ বেগম কবরী, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী, সাহিত্যিক মোহাম্মদ ইসহাক প্রমুখ।