যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের ৬৯তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা
জাতিসংঘের ৬৯তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ সমর্থন কামনা করেন তিনি। খবর বাসস ও ইউএনবির।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে গতকাল শনিবার ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে মানবতাবিরোধী জঘন্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের কয়েক জনের বিচার শেষ হয়েছে। আমাদের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত এ বিচারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের রাষ্ট্রের প্রগতিশীল এবং উদার চরিত্রকে নস্যাৎ করতে সদা তৎপর। তারা সুযোগ পেলেই ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা ছড়িয়ে দেয়। তাঁর সরকার শান্তি ও আইনের শাসন সমুন্নত রাখতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানেরও আহ্বান জানান।
বিশ্ব শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে মুখ্য ভূমিকা পালনে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের কোনো স্থানে শান্তির জন্য হুমকি সৃষ্টি হলে তা সমগ্র মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আমরা স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যতীত টেকসই উন্নয়ন অর্জন করতে পারব না।’
অস্থিতিশীল বৈশ্বিক নিরাপত্তা ও জঙ্গিবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বশান্তি ও উন্নয়নের পথে প্রধান অন্তরায় সন্ত্রাসবাদ ও চরমপন্থা। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, উগ্রবাদ ও ধর্মভিত্তিক রাজনীতির প্রতি “জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী। প্রতিবেশী বা অন্যদের বিরুদ্ধে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারেও আমরা অঙ্গীকারবদ্ধ।’
সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি নারী ও শিশুসহ শত শত সাধারণ মানুষ হত্যারও তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের বৈধ সংগ্রামের প্রতিও পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘শান্তির পক্ষে নেতৃত্বের ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সৈন্য ও পুলিশ সদস্য পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অবস্থান আবারও সুদৃঢ় হয়েছে। এ পর্যন্ত আমরা ৫৪টি মিশনে এক লাখ ২৮ হাজার ১৩৩ জন শান্তিরক্ষী পাঠিয়েছি। শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক মহিলা পুলিশ পাঠিয়েছে বাংলাদেশ।’
নারীর ক্ষমতায়ন ও জীবনের সব ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীর সমান অংশগ্রহণকে টেকসই উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা নারী।
উন্নত দেশগুলোর বাজারে স্বল্পোন্নত দেশের সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও ভাষণে ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো দেশের জন্য এ চ্যালেঞ্জ অতীতের যেকোনো সময়ের চেয়ে জটিল ও ভয়াবহ।
যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তর এলাকায় বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা। বিক্ষোভে অংশ নিতে গতকাল সকাল থেকেই স্থানটিতে অবস্থান নিতে শুরু করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর ভাষণের আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একই স্থানে অবস্থান নিলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে তাঁদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশ কম। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ভাষণ দিতে ভিন্ন প্রবেশপথ দিয়ে জাতিসংঘ সম্মেলনকেন্দ্রে যান।