যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব রকম সহায়তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থের প্রয়োজন হলে তা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, এতে যুদ্ধাপরাধের বিচারের কাজ যথাসময়ে শেষ করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কোনো সমস্যা বা দুর্বলতা থাকলে তা দ্রুত সমাধান করতে বলা হয়। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মন্ত্রণালয় বা সংস্থার কাজে কোনো সমস্যা আছে কি না তা জানতে চাওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার আন্তরিক। তিনি এ কাজে যার যার দায়িত্ব সূচারুভাবে পালন করার নির্দেশ দেন। বিচার-প্রক্রিয়ায় যাতে কোনো দুর্বলতা না থাকে সে ব্যাপারেও তিনি সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন-মন্ত্রী শফিক আহমেদ, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পর-রাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।গ্যাভির প্রতিনিধিদলের সাক্ষাৎপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাস্থ্যবান জাতি উপহার দেওয়া।’ সন্ধ্যায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইম্যুনাইজেশনের (গ্যাভি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।গ্যাভি অ্যালায়েন্সের সভাপতি ড্যাগফিন হেইব্র্রাটেন স্পেনের রাজকুমারী ইনফেন্টা ক্রিস্টিনসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।