শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতি খুনিদের বিচার করবে। গত বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জনমিলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সময় এসেছে। যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ইতিহাস বিকৃতকারীদের ক্ষমা করা যায় না।মহাজোটের নেতা-কর্মীদের সতর্ক করে দিলীপ বড়ুয়া বলেন, ‘এ দেশের মানুষ জোয়ারের মতো ভোট দিয়ে মহাজোটকে ক্ষমতায় এনেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে ভবিষ্যতে জনরায় পাল্টে যাবে।’এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা প্রকৌশলী জি এম মহিউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির নেতা লুত্ফুর রহমান চৌধুরী, শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর প্রমুখ।