সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন মুক্তিযোদ্ধারা। ঠিক একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতেও তাঁদের সাহসী ভূমিকা রাখতে হবে। কুষ্টিয়ার লালন একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার সেক্টর কমান্ডারস ফোরাম কুষ্টিয়া শাখার অভিষেক ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মুক্তিযোদ্ধা শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এম আমীর-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. কর্নেল (অব.) হারুন-অর-রশিদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান, লে. (অব.) গাজী রহমত উল্লাহ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি রবিউল ইসলাম, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান প্রমুখ। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মৌলবাদী ও জঙ্গিবাদী চক্র অপতত্পরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।বক্তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। সমাবেশে কুষ্টিয়া জেলার প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।