যুদ্ধাপরাধীদের বিচারে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রক্রিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধীদের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ। তিনি বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেইনবার্গ বলেন, কোন প্রক্রিয়ায় বিচার করা হবে, বাংলাদেশের জনগণই সে সিদ্ধান্ত নেবে। তবে সঠিক বিচার নিশ্চিত করার জন্য বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। দুই দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন স্টেইনবার্গ। খবর বাসস ও ইউএনবির।সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে স্টেইনবার্গ বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে সন্ত্রাসবাদ দমনের বিষয়টি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্ধৃতি দিয়ে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে ভারত।’বাংলাদেশে বিদ্যুৎ-সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের কিছু করার আছে কি না—জানতে চাইলে স্টেইনবার্গ বলেন, তাঁর দেশ বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী।মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত বিলের বিষয়ে জানতে চাইলে স্টেইনবার্গ বলেন, কংগ্রেসে যে সিদ্ধান্তই হোক না কেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয়ভাবে নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্: সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাৎকালে স্টেইনবার্গ বলেন, যুক্তরাষ্ট্র গ্যাস-বিদ্যুৎসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে আরও বিনিয়োগ করবে এবং সন্ত্রাস প্রতিরোধে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে যাবে। স্টেইনবার্গ বাংলাদেশে মানবাধিকারের অগ্রগতি এবং গণতন্ত্র জোরদারে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্: সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ গতকাল সন্ধ্যায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান এবং বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতামূলক ভূমিকা রাখতে সে দেশের প্রতি আহ্বান জানান। হিলারির বাংলাদেশ সফর নিয়ে আলোচনা: সুবিধাজনক সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ। গতকাল অনুষ্ঠিত বৈঠকে তাঁরা গণতন্ত্র, যুদ্ধাপরাধীদের বিচার, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-সম্পর্কিত নানা বিষয় নিয়েও আলোচনা করেন।