যুদ্ধাপরাধীদের বিচারের আগে গ্রেপ্তারের দাবি
ঘাতক দালাল নির্মূল কমিটির ষষ্ঠ জাতীয় সম্মেলন মঞ্চ থেকে বিচারকাজ শুরুর আগেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা সরকারের প্রতি এ আহ্বান জানান।সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। তিনি বলেন, ন্যায়ের স্বার্থেই যুদ্ধাপরাধের বিচার হওয়া প্রয়োজন। এখন এ কাজে যত বিলম্ব হবে, যুদ্ধাপরাধীরা ততই সংগঠিত হবে। তাই দ্রুত বিচারকাজ শুরু করা দরকার।আলোচনাপর্বে শুভেচ্ছা বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জনমত গঠন না করে যুদ্ধাপরাধীদের বিচার করা কঠিন হবে। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো বাধা নেই। বড় বাধা আসবে বিএনপি ও খালেদা জিয়ার কাছ থেকে। যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই বিএনপি ২৭ জুন হরতাল আহ্বান করেছে; গ্যাস, পানি বা বিদ্যুতের দাবিতে নয়। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারে বদ্ধপরিকর।কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সহযোগী বাহিনীকে নিয়ে আত্মসমর্পণ করেছিল। বর্তমানে বাংলাদেশে পাকিস্তান ক্যান্টনমেন্ট যেমন কোনো তৎপরতা চালানোর অধিকার রাখে না, তেমনি তাদের সহযোগী বাহিনী হিসেবে জামায়াত-রাজাকাররা কোনো রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার রাখে না। হিটলারের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারকাজ চালানো হয়েছিল। তাই আমাদের এখানে যুদ্ধাপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারে না। তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে হবে।’জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারলেই দেশে অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের ছাড়পত্র পাওয়া যাবে, তার আগ নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সি আর দত্ত, কর্মজীবী নারীর সভাপতি শিরিন আক্তার, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি সাইদুল হক ও যুক্তরাষ্ট্র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি নুরুন্নবী।আলোচনা অনুষ্ঠানের আগে দুপুরে অধ্যাপক কবীর চৌধুরী, বিচারপতি গোলাম রাব্বানী ও শহীদ পরিবারের সদস্য প্রতীতী দেবী ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।