স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের এটাই শেষ সুযোগ। এই সুযোগ আর না-ও থাকতে পারে। কারণ, পরে কখনো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় এলে এই সুযোগ থাকবে না। মুক্তিযোদ্ধারা সোচ্চার হয়ে জনগণকে সম্পৃক্ত করতে পারলেই এদের বিচার সম্ভব।গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে। এতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও ফেনীর বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।সৈয়দ আশরাফ আরও বলেন, ‘বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ঘরে-বাইরে ষড়যন্ত্র চলছে। সব কথা প্রকাশ্যে বলাও সম্ভব নয়, শত্রু কে তা আমরা জানি। শত্রু কতটা শক্তিশালী, সেটাও জানি। তারা অনেক অর্থ-বিত্তের মালিক। তারা সুশীল। তারা আন্তর্জাতিক বিভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করে। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ব্যর্থ হলে এর দায় শুধু শেখ হাসিনা নন, আপনাদেরও (মুক্তিযোদ্ধা) নিতে হবে।’স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে সংসদে বিল পাস হয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আজ সেভাবে নেই। শুধু আইন পাস করলেই যুদ্ধাপরাধের বিচার শুরু হয়ে গেছে—এ ধারণা ঠিক নয়।গতকাল সকালে সমাবেশের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান এম এ মনছুর। অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তৃতা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম) ও মহাসচিব এমদাদ হোসেন।সৈয়দ আশরাফ বলেন, ‘মুক্তিযুদ্ধের পর জাতিকে বিভক্ত করা না হলে এত দীর্ঘ সময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অপেক্ষা করতে হতো না। এ বিলম্বের পাপ আমার-আপনার। এর দায় আমাদের আরও বয়ে যেতে হবে। পাঁচ বছরের মধ্যে বিচার পুরোপুরি শেষ করা সম্ভব নয়। কারণ এটা ক্যাঙ্গারু কোর্ট নয়। ন্যুরেমবার্গ ট্রায়ালেও আপিল করার সুযোগ ছিল না। কিন্তু বাংলাদেশে আছে। আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’