জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘কার আহ্বানে মানববন্ধনে অংশ নিলাম, তা বড় কথা নয়। যুদ্ধাপরাধীদের বিচার চাই, এই দাবিটি এখন গণমানুষের। এ আহ্বানে যেকোনো শিক্ষক, ছাত্রছাত্রী মানববন্ধনের ডাক দিলে সবাই আসবেন, কারণ দাবিটি গুরুত্বপূর্ণ।’গতকাল সোমবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংহতি সভায় তিনি এ কথা বলেন। তাঁর আহ্বানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে একাত্ম হন। শেষে শোভাযাত্রা ও সংহতি সভা থেকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করার দাবি জানানো হয়।‘একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চাই, শহীদদের রক্তের ঋণ শোধ করে মাতৃভূমিকে গ্লানিমুক্ত করতে চাই’—এই স্লোগানে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মানববন্ধন শুরু হয়। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে সংহতি সভার মধ্য দিয়ে শেষ হয়।