দুই হাত উঁচিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানালেন কুমিল্লা মহানগরের বাসিন্দারা। গতকাল শুক্রবার বিকেলে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে এক শোভাযাত্রা শেষে কুমিল্লা টাউন হল মাঠে সমবেত জনতা ওই অঙ্গীকার করেন। এতে নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ কুমিল্লার সর্বস্তরের জনতা অংশ নেন।জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের কুমিল্লা জিলা স্কুল এলাকা, সার্কিট হাউস, মোগলটুলি, রাজগঞ্জ ও মনোহরপুর এলাকা ঘুরে এসে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। ওই শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। ওই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান, নারীনেত্রী পাপড়ি বসু ও দিলনাশি মোহসেন এবং সাংবাদিক সৈয়দ নূরুর রহমান। শোভাযাত্রা শেষে সাংসদ নিজেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শপথবাক্য পাঠ করান। তা ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক, সামাজিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।