যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে এবং ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলে বিএনপির নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল।সোনাগাজী উপজেলা যুবদল ও মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকেলে সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলো এলাকায় এ মিছিল ও সমাবেশ হয়।সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। একই সঙ্গে ৮ জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে খালেদা জিয়ার জনসভাস্থলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার নিন্দা জানান।সোনাগাজী উপজেলা যুুবদলের সভাপতি জসিম উদ্দিনের ভাষ্যমতে, ফেনীর ওই জনসভায় মাঠে বসার জায়গা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে জামায়াত-শিবিরের ক্যাডাররা সোনাগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বক্তারমুন্সি বাজার ও ডাকবাংলো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।