যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ওয়ার্কার্স পার্টির পদযাত্রা
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিতসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার নড়াইল সদর উপজেলার মুলিয়া হাইস্কুল মাঠ থেকে ৩৭ কিলোমিটার পদযাত্রা করেছে ওয়ার্কার্স পার্টি। পদযাত্রার উদ্বোধন করেন দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস।পদযাত্রাটি কোড়গ্রাম, বাহিরগ্রাম, নিরালী, দেবভোগ, তপনবাগ, মহিষখোলা, শেখহাটি, আফরা, মান্দিয়া, গুয়োখোলা ও হাতিয়ারা ঘুরে নড়াইল-যশোরের সীমান্তবর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী হাইস্কুল চত্বরে কমরেড অমল সেনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। দীর্ঘ ৩৭ কিলোমিটার এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শ মানুষ অংশ নেয়। পদযাত্রার সময় বিভিন্ন পথসভায় বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সুবোধ বিশ্বাস, রবীন বিশ্বাস, আনোয়ার হোসেন, পথিক রায়, নওরোজ মোল্লা প্রমুখ।এ সময় প্রয়াত কমরেড অমল সেন, বীরেশ্বর পরমান্য, জুলহাস হোসেন, সলিল ভৌমিক, প্রভাত সিকদার ও মহেশ গোলদারের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।