যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বন্ধুসভার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে এক গণস্বাক্ষর কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভা। এদিকে টাঙ্গাইল বন্ধুসভা ২৫ মার্চ কালরাতে আলোর মিছিল নিয়ে বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল বাশার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তির স্বাক্ষর নেওয়া হয়। এর আগে বন্ধুসভার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।টাঙ্গাইল শহীদ মিনার থেকে রোববার সন্ধ্যায় মোমবাতি হাতে আলোর মিছিলটি শুরু হয়। এটি দুই কিলোমিটার পথ অতিক্রম করে জেলা সদর পানির ট্যাংকির পাশে একাত্তরের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভায় বক্তারা শহীদদের নামের তালিকাসহ বধ্যভূমিটি সংরক্ষণ এবং একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ সেকান্দার হায়াত ও তপন বর্ধন, বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল প্রমুখ বক্তব্য দেন। শেষে বন্ধুসভার সদস্যরা মুক্তিযুদ্ধের গান ও কবিতা পরিবেশন করেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল শহরের জেলা সদর পানির ট্যাংকির পাশের বধ্যভূমিতে পাকিস্তানি হানাদার বাহিনী অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করে।