যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে পেশাজীবী সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম পেশাজীবী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে এক সংবাদ সম্মেলনে দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: আজ মঙ্গলবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ, ৮ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবী সমাবেশ, ১২ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলী সমাবেশ, ২২ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক সমাবেশ, ২৪ জুন খামারবাড়ীতে কৃষিবিদ সমাবেশ, ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষক-কর্মচারী সমাবেশ, ৩০ জুন টিএসসিতে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাবেশ, ১ জুলাই রাজশাহীতে রাজশাহী বিভাগীয় পেশাজীবী সমাবেশ, ৩ জুলাই খুলনায় বিভাগীয় পেশাজীবী সমাবেশ, ৬ জুলাই চট্টগ্রামে বিভাগীয় পেশাজীবী সমাবেশ, ৮ জুলাই জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ এবং ১০ জুলাই ঢাকায় পেশাজীবী মহাসমাবেশ। সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন ওই সব কর্মসূচির আয়োজন করবে।সংবাদ সম্মেলনে পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব কামরুল হাসান খান এসব কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এ কে এম সাইদুল হক চৌধুরী, বিএমএ সভাপতি মাহমুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।