যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ
যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা: দুপুর ১২টায় শহরের আবদুল হামিদ সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার আবদুল লতিফ, মো. রেজাউল করিম ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক আবদুর রশিদ। খাগড়াছড়ি: জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শাপলা চত্বর ঘুরে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উপদেষ্টা রণবিক্রম ত্রিপুরা বলেন, ‘যুদ্ধাপরাধী তিন জামায়াত নেতা গ্রেপ্তারের কারণে জামায়াত-শিবির সারা দেশে ষড়যন্ত্র চালিয়ে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আর জামায়াতের এ কর্মসূচিতে বিএনপি সমর্থন করছে।’ ঝালকাঠি: একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সামছুল আলম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার দুলাল সাহা, ওয়ালিউর রহমান, আফজাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান।বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বেলা সাড়ে ১১টায় উপজেলায় শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. গোলাম ইছহাকের নেতৃত্বে একটি মিছিল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, সাবেক কমান্ডার মনির হোসেন, সদর ইউপির চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া, শরীফ উদ্দিন, সমাপ্ত রঞ্জন সাহা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।মেহেরপুর: শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলামের নেতৃত্বে সকালে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খন্দকার আবদুল মতিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রমুখ।একই সময়ে মেহেরপুরের শামসুজ্জোহা পার্ক থেকে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে আবার শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামসহ অনেকে। মিছিলকারীরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি এবং হরতালের নামে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে স্লোগান দেন।