যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগের সাত মাসব্যাপী কর্মসূচি
যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শুরু করার দাবিতে সাত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে যুবলীগের গণসমাবেশ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—১ জুলাই জেলা ও ৮ জুলাই উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ, ২২ জুলাই রাজশাহী, ২ সেপ্টেম্বর চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর বরিশাল, ৭ অক্টোবর রংপুর, ২১ অক্টোবর সিলেট ও ৮ নভেম্বর খুলনায় বিভাগীয় সমাবেশ। এ ছাড়া ১ ডিসেম্বর ঢাকা-টেকনাফ, ১৯ ডিসেম্বর ঢাকা-তেঁতুলিয়া, আগামী বছরের ২ জানুয়ারি ঢাকা-কুয়াকাটা এবং ১৬ জানুয়ারি ঢাকা-সুনামগঞ্জ লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘শত হরতাল করেও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ দেশে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০০১ সালের পর যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।