যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আন্তর্জাতিক ঐক্য আছে
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আন্তর্জাতিক ঐক্য রয়েছে। গুটিকয়েক মানবাধিকার সংগঠন ছাড়া সবাই এ বিচার সমর্থন করছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এক সেমিনারে এ অভিমত প্রকাশ করা হয়। সেমিনারে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য যাঁরা বলছেন, তাঁরা বিভ্রান্তিকর কথা বলছেন। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করছেন, তা আন্তর্জাতিক মান রক্ষা করেই করা হচ্ছে। ‘যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সেমিনারে মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক। তিনি বলেন, গোলাম আযমের বিচার হলে সৌদি সরকারের পক্ষ থেকে চাপ আসতে পারে—এমন ধারণা থাকলেও আন্তর্জাতিক ঐক্যের কারণে এর বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলেনি তারা। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকার কথা উল্লেখ করে মফিদুল হক বলেন, তথাকথিত এই মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে। সেমিনারে সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নুরেমবার্গ ট্রায়ালের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত নাজি পার্টির কার্যক্রম পৃথিবীর কোথাও চলে না। তাহলে আদালতে অপরাধী সংগঠন হিসেবে অভিযুক্ত হওয়ার পর বাংলাদেশে জামায়াতের রাজনীতি কীভাবে চলতে পারে?’ নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ সামনে রেখে বাঙালিরা ইতিহাসে অনেক উচ্চ আসনে অবস্থান করছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ভবিষ্যৎ ইতিহাসে আরেকটি বিষয় যোগ হবে যে, বাঙালি নৃশংস জাতি নয়। জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করতে রাষ্ট্রপক্ষকে আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের সঙ্গে জড়িত থাকাটা রাষ্ট্রদ্রোহের শামিল। পাকিস্তানিদের সহযোগী হিসেবে থেকে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, সংসদে আইন পাস করতে হবে—রাষ্ট্রপতি চাইলেও সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ক্ষমা করতে পারবেন না। সেমিনারে সঞ্চালক ছিলেন জোটের যুগ্ম সম্পাদক আহকাম উল্লাহ।