যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে অবদান রাখার জন্য সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।গতকাল রোববার ফোরামের সহসভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর নেতৃত্বে ফোরামের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকে ফোরামের নেতারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এটি অবশ্যই শেষ করা হবে। ফোরাম নেতারা যুদ্ধাপরাধীদের স্বচ্ছ, গ্রহণযোগ্য ও দ্রুত বিচারের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ফোরামের মহাসচিব হারুন-অর-রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, হারুন হাবীব, সারওয়ার আলী, নূরুল আলম ও ম. হামিদ।