আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন। আনুষ্ঠানিক বিচার শুরু হবে অচিরেই। এই বিচার নিয়ে অনেকে অনেক কথাই বলছে। কিন্তু সত্য কথা হচ্ছে, পৃথিবীর কোনো দেশই এর বিরোধিতা করছে না। সবাই বলেছে, বিচার হতে হবে সুষ্ঠু ও স্বচ্ছ। কোনো প্রতিশোধ স্পৃহা যেন এর মধ্যে পরিদৃষ্ট না হয়। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ঢাকা ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নুরেনবার্গ ট্রায়ালের মতো দীর্ঘমেয়াদি হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে অপরাধ ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে। এ জন্য অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ দিতে পারবেন।যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে, এমন মন্তব্যের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচার ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে এসেছে, এটা ঠিক নয়। এর অন্যতম কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব। সৌদি আরবসহ আরবের বিভিন্ন দেশের অর্থনীতি একান্তভাবেই তেলনির্ভর। তাদের নিজেদেরই যখন অর্থনৈতিক সমস্যা, সেখানে তারা অন্যদের কী করতে পারে। সুতরাং এটা নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁরা প্রকারান্তরে যুদ্ধাপরাধের বিচারকেই বাধাগ্রস্ত করতে চান।