যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (এরশাদ) ভাইস চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুকেই আমরা জাতির পিতা হিসেবে মেনে নিয়েছি।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট। দলটি যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমাদের অবস্থান মৌলবাদীদের বিরুদ্ধে।’ গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।১০ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে আগামী দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আবু জাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে আকরাম আলী শাহিনকে মনোনীত করা হয়েছে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিউদ্দিন মো. আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, চেয়ারম্যানের উপদেষ্টা বাদল খন্দকার, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন, জহিরুল ইসলাম জহির, আলমগীর শিকদার, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আমিনুল ইসলাম, স্থানীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, আবদুল মজিদ খোন্দকার, রাজা হোসেন, আঞ্জুমান আরা ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন, কুতুব উদ্দিন প্রমুখ।রুহুল আমিন হাওলাদার বক্তব্যে বলেন, কোনো আঘাত বা ষড়যন্ত্রে মহাজোটের সম্পর্ক নষ্ট হবে না। মহাজোটে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।এর আগে বিকেলে সম্মেলনস্থলে জি এম কাদের জাতীয় পতাকা এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিম ওসমান দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন।