যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ভুক্তভোগী স্বজনদের ফরিয়াদ
‘আঁতুড় ঘরে আমার সাত দিনের শিশুকন্যা ছিল। তাকে আছাড় দিয়ে হত্যা করা হয়। দুই বছরের শিশুকন্যাটিকে ওরা মেরে ফেলেছে আমার চোখের সামনে। হত্যা করেছে আমার স্বামী মরণচাঁদ দেবদাসকেও। তাঁরা কেউ পাকিস্তানি বাহিনীর হাতে মারা যাননি। হত্যাকারীরা ছিল পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসর। আমি স্বামী ও সন্তান হত্যার বিচার চাই।’ এভাবেই মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের হাতে স্বামী ও সন্তান হত্যার বর্ণনা দিয়েছেন রাজবাড়ী জেলার বিনোদপুরের ভাগনতলার শহীদ মুক্তিযোদ্ধা মরণচাঁদ দেবদাসের স্ত্রী মাধবীলতা দাস। তিনি ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ফরিয়াদ জানান। এই ফরিয়াদ শুধু মাধবীর একার নয়, গতকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ফরিয়াদ সমাবেশে উপস্থিত একাত্তরের যুদ্ধাপরাধের শিকার শহীদ, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সবারই। তাঁরা পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যা ও নির্যাতনের নির্মম বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারেরও দাবি জানান।সমাবেশে উপস্থিত ক্ষমতাসীন মহাজোটের নেতারাসহ রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা বলেন, ৪০ বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া ছিল একটি ঐতিহাসিক ভুল। তবে এই বিচার কখনো তামাদি হয় না। ৪০০ বছর পরও এর বিচার করা যায়।জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনুর সভাপতিত্বে ফরিয়াদ সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ আবদুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের কার্যকরী সভাপতি সাংসদ মইনউদ্দিন খান বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার ও শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত শম্পা বক্তব্য দেন।সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের শহীদ মধুসূদন দের সন্তান অরুণ কুমার দে, গাজীপুরের মোহাম্মদ শাহজাহান, মানিকগঞ্জের জুলেখা, গোপালগঞ্জের নমিতা রানী সরকার, নাটোরের বীরাঙ্গনা রোকেয়া ও শিরীন আখতার, শরীয়তপুরের আসমা বেগম, নারায়ণগঞ্জের সোনা মিয়াসহ আরও অনেকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসরদের নির্মম নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।নুজহাত শম্পা বলেন, ‘আমার বাবাকে হত্যা করেছে ইনকিলাব-এর মান্নান। তিনি নিজে হত্যার কথা স্বীকার করেছেন। কিন্তু মান্নান তো মারা গেছেন। এখন আমি কীভাবে বিচার পাব? সহজ কথা হচ্ছে, জামায়াতের আদর্শে সে আমার বাবাকে হত্যা করেছে, সেই জামায়াতকে নিষিদ্ধ করলেই আমি বিচার পাব।’সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো বিকল্প হতে পারে না।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারবে না। তাহলে কীভাবে জামায়াত সংবাদ সম্মেলন করে? আমিনী হরতাল করে? আমরা সরকারে নেই। তবু বলছি, যুদ্ধাপরাধ প্রশ্নে ঐক্যবদ্ধ হোন।’ শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধ নিয়ে কোনো টালবাহানা গ্রহণযোগ্য হবে না।সমাবেশে জাসদের নেতা ইকবাল হোসেন খান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাত দফা দাবিসংবলিত একটি ঘোষণা উত্থাপন করেন। এতে রয়েছে, সব পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা, ট্রাইব্যুনালের লোকবল ও অর্থবল বৃদ্ধি করা, দেশবরেণ্য আইনজীবীদের ট্রাইব্যুনালে কৌঁসুলী নিয়োগ, তদন্ত কর্মকর্তা বৃদ্ধি, ২০১১-এর মধ্যে যুদ্ধাপরাধের বিচারের প্রথম পর্যায় সম্পন্ন করা।