যুদ্ধাপরাধীদের ব্যাপারে নাক গলানো সহ্য করা হবে না: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বিদেশিদের নাক গলানো সহ্য করা হবে না। দেশের আইন অনুযায়ী বিচার হবে, এখানে জাতিসংঘের কিছু করার নেই। জাতিসংঘ যাই বলুক, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে; তাঁদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হবে।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসী পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। অনুষ্ঠানটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে হয়। এ সময় প্রবাসীদের পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনাও দেওয়া হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের অর্থনীতির শত্রু। তিনি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। আর আগুন-সন্ত্রাসীর নেত্রী গণতন্ত্র, অর্থনীতি এবং মানুষকে পোড়াচ্ছেন। দেশকে ধ্বংসের মুখে ঠেলে না দেওয়ার জন্য তিনি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং ভেড়ামারা ও এর আশপাশের প্রবাসীদের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।