যুদ্ধাপরাধীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতা-কর্মীদের যুদ্ধাপরাধীদের ব্যাপারে সব সময় সর্তক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের তৎপরতা এখনো কমেনি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীরা এখনো সক্রিয়। এদের বিরুদ্ধে জনগণকে সতর্ক করার কাজটি দলীয় নেতা-কর্মীদের করতে হবে। এটিই হবে এখন সব সময়ের সবচেয়ে প্রধান কাজ।’
নতুন সরকারের মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম সিলেট আসেন। বিকেলে নিজ নির্বাচনী এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় মন্ত্রী ওই কথা বলেন।
গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে বেলা সাড়ে তিনটায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রীকে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি হয়। সংবর্ধনা অনুষ্ঠান সাময়িক বন্ধ রেখে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
বক্তৃতায় শিক্ষামন্ত্রী ওই ঘটনা দুঃখজনক উল্লেখ করে দলে ঐক্য স্থাপন ও জনগণকে যুদ্ধাপরাধীদের ব্যাপারে সতর্কতা সৃষ্টির জন্য কাজ করার তাগিদ দেন।
ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদরুল উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শিক্ষামন্ত্রী দুপুরে উড়োজাহাজে সিলেট পৌঁছান।