যুদ্ধাপরাধীদের ভোটার অযোগ্য করে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ

বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা করে আজ সোমবার ভোটার তালিকা (সংশোধন) বিল ২০১৩ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিলটি যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি আইনে পরিণত হলে দালাল আইনে সাজা পাওয়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে সাজা পাওয়া ব্যক্তিরা ভোটার হওয়ার অযোগ্য হবেন। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, ভোটার তালিকাভুক্ত হওয়া সাংবিধানিক অধিকার। এ ধরনের অধিকারপ্রাপ্তি ও প্রয়োগের জন্য প্রয়োজন বাংলাদেশের প্রতি তাঁর আনুগত্য। কিন্তু যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতা করেছেন এবং যুদ্ধাপরাধসহ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ করেছেন, আদালতে যাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে, তাঁদের ভোটার তালিকাভুক্ত হওয়া ও থাকা সমীচীন নয়।
এ ছাড়া, জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এরপর যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সীরা জাতীয় পরিচয়পত্র পাবে। এ ছাড়া, নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য বা উপাত্তের বিষয়ে গোপনীয়তা লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন।

জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধন) বিল পাস
মৃত্যুনিবন্ধন আইনগতভাবে বাধ্যতামূলক ও নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করার বিধান রেখে আজ জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধন) বিল ২০১৩ সংসদে পাস হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে জন্ম ও মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদানকারীদের শাস্তির বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, কেউ মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
সবশেষে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।