যুদ্ধাপরাধীদের মতো ভাস্কর্যবিরোধীদের বিচার করার দাবি ইনুর
যুদ্ধাপরাধীদের মতো ভাস্কর্যবিরোধীদেরও বিচার করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র কীভাবে চলবে, তা সংবিধানে বলা আছে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতীক। রাষ্ট্র, সংবিধান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাস্কর্য, ইতিহাস-ঐতিহ্য নিয়ে কোনো ছাড় নেই।’
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে ‘সংবিধান-ইতিহাস-ঐতিহ্য-ভাস্কর্যবিরোধী রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় আনার দাবিতে’ জাসদ আয়োজিত সমাবেশে হাসানুল হক এসব কথা বলেন।
রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি-লুটপাট অবসান এবং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের পথে পরিকল্পিত অর্থনীতি গড়ে তোলারও আহ্বান জানান হাসানুল হক।
হাসানুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, ঠিক সেভাবেই ভাস্কর্যবিরোধী রাষ্ট্রদ্রোহীদের বিচারের মুখোমুখি করতে হবে। অপরাধী যে–ই হোক, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি-লুটপাট অবসান এবং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের পথে পরিকল্পিত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, দলটির সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সফি উদ্দন মোল্লা প্রমুখ।