শুধু যুদ্ধাপরাধীদের বিচার করলেই হবে না, স্বাধীনতার পর যারা যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
সমাবেশে বক্তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ না করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়। বক্তারা যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার জন্য বিএনপিকে অভিযুক্ত করার পাশাপাশি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। তাঁরা বলেন, জামায়াত-শিবিরের অর্থনৈতিক ভিত ভেঙে দিতে হবে।
সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, খালেদা জিয়া ও বিএনপিকে পরিষ্কার করতে হবে তারা কোন পক্ষে? মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের সহবস্থান হতে পারে না। তিনি নিজামীর রায়ের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এর কড়া প্রতিবাদ না করলে ধরে নিতে হবে এটি বাংলাদেশের না, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, জামায়াতে ইসলামীর ব্যাংক, সম্পদ ইত্যাদি বাজেয়াপ্ত না করলে তাদের নিষিদ্ধ করেও কোনো ফল আসবে না।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য শহিদুল্লাহ শিকদার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক প্রমুখ।